এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ। দলটির নারী উইং ‘জাতীয় নারী শক্তির’ কেন্দ্রীয় পর্যায়ের একটি বড় দায়িত্বে তাকে পদায়ন করা হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক। 

এনসিপির ওই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘ফারজানা আফরোজ নামে এক নেত্রী এনসিপিতে যোগ দেবেন। তিনি সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি জামায়াতের প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন।’

এদিকে, ফারজানা আফরোজকে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে গোলাম মাওলা রনি লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’

সাতকানিয়ার ঐতিহ্যবাহী ও রাজনৈতিক পরিবারের সন্তান ফারজানা আফরোজ। তার বাবা মরহুম কেফায়েত উল্লাহ স্থানীয় রাজনীতির একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং দীর্ঘমেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফারজানা আফরোজ নিজেও স্থানীয় নির্বাচনে ১ লক্ষাধিক ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ফারজানা আফরোজ মালয়েশিয়ার এশিয়া ই ইউনিভার্সিটি থেকে ‘নারী ক্ষমতায়ন’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। পেশাগত জীবনে তিনি এইচএসবিসি ব্যাংকে কর্মরত ছিলেন এবং বর্তমানে ‘স্কাইপ এসেটস প্রাইভেট লিমিটেড’-এর স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।