বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক অভিযোগ করেছেন, বামজোট যে ১৩১টি আসনে জোটগত প্রার্থী দিয়েছিল, সেগুলোতে প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়া হচ্ছে না। সরকার পরিকল্পিতভাবে, ছক অনুযায়ী তামাশার ভোট আয়োজন করেছে। রবিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক অভিযোগ করেন, গতকাল (শনিবার) রাতে অধিকাংশ ভোটকেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ। সকাল থেকে নিয়ন্ত্রণ নিয়েছে কেন্দ্রের। অধিকাংশ কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
সাইফুল হক আরও বলেন, মানুষের ভোটাধিকারকে আবারও নিয়ন্ত্রণ করা হয়েছে। চূড়ান্ত ভয়ভীতি, ছক অনুযায়ী নির্বাচন চূড়ান্ত তামাশায় পর্যবসিত হয়েছে। আমাদের আশঙ্কা যা ছিল, তা-ই বাস্তবায়ন হয়েছে সরকার। পুরো পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নৌকা মার্কায় ভোট দিতে মানুষকে বাধ্য করছে।
জোটের নেতারা জানিয়েছেন, দুপুর ২টায় এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হবে জোটের পক্ষ থেকে।
এদিকে, ঢাকা-১২ আসনে বিভিন্ন কেন্দ্র থেকে জোনায়েদ সাকির কোদাল প্রতীকের বেশ কিছু পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে জানান গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দিন।