সুবর্ণচরের ঘটনায় ড. কামালের উদ্বেগ প্রকাশ


ড. কামাল হোসেননোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে ‘মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত লোমহর্ষক’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন।
কামাল হোসেন বলেন, ‘এই ঘটনা জাতি হিসেবে আমাদেরকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনও গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনাও করা কঠিন।’
বিবৃতিতে বলা হয়েছে,  সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে ৩০ ডিসেম্বর নির্বাচনে ওই নারী নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে চাইলে ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীরা তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলে। ওই নারী তাদের কথায় সায় না দিয়ে নিজের পছন্দের প্রতীকে ভোট দেন। এরপর সন্ত্রাসীরা পারুলকে দেখে নেওয়ার হুমকি দেয়।
ড. কামালের অভিযোগ, পুলিশ বাদীর কথিত মতে হুকুমের আসামিসহ অনেকের নাম বাদ দেওয়ায় আমি ক্ষোভ প্রকাশ করছি। অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি করছি। এই ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে এবং এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত।
কামাল হোসেন বলেন, ‘এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দেশের মর্মাহত জনগণকেই উদ্যোগী হতে হবে। এই লজ্জা ওই নারীর নয় বরং এ লজ্জা সমগ্র জাতির। এ নির্যাতন আমাদের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের।’