‘রমজানে লকডাউন দিয়ে আলেমদের দমন গ্রহণযোগ্য নয়’

হেফাজতে ইসলামের নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রবিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান। তারা বলেন, ‘রমজান মাসে করোনার নামে লকডাউন দিয়ে আলেমদের ওপর সরকারের এ দমন অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ 

বিবৃতিতে তারা আরও বলেন, ‘সরকার বিদেশিদের খুশি করার জন্য দেশের আলেমদের ওপর নির্যাতনের স্টিমরুলার চালাচ্ছে। মাদ্রাসা-মক্তব, ইসলামী সংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামাদের গ্রেফতার করে সাজানো-মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আলেমদের ও দেশপ্রেমিক জনগণের ওপর হামলা, মামলা, হত্যা, গ্রেফতার নির্যাতন চালিয়ে সরকার তাদের পতনকেই ত্বরান্বিত করছে।’