চীন ও রাশিয়াসহ অন্যসূত্র থেকে করোনা টিকা সংগ্রহে পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণায়ের যে দীর্ঘসূত্রিতা ও অদক্ষতার কথা তুলে ধরেছেন তাতে করোনা সংক্রামণে গণটিকাদান কর্মসূচি অব্যাহত রাখা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শুক্রবার (২১ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পলিটব্যুরো এ মত প্রকাশ করে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে ভারতে করোনা সংক্রমণের দ্রুত বিস্তারে সে দেশ থেকে টিকা সরবরাহ করার বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ায় প্রধানমন্ত্রী অন্যান্য সূত্র থেকে দ্রুত টিকা সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের ব্যবস্থা করা গেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা কালক্ষেপণের কারণে সেটি বাস্তবায়ন করা যাচ্ছে না।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আরও বলা হয়, আমরা পূর্বেও চীনা টিকার হিউম্যান ট্রায়ালের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখেছি। ফলে পরবর্তীতে অর্থের অজুহাত তুলে সেটা আর হয়নি। অন্যদিকে চীন বাংলাদেশকে ৫ কোটি টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ফেব্রুয়ারি মাসে জানালেও সেটিও অনুমোদন দিতে তিন মাস লেগেছে। দেশে উৎপাদনের জন্য গ্লোব-বায়োটেকের ‘বঙ্গভ্যাক্স’ টিকার হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেওয়া হবে কি হবে না সেই সিদ্ধান্তও ঝুলিয়ে রাখা হয়েছে।