ফিলিস্তিনের জন্য ওয়ার্কার্স পার্টির উপহার

ইসরায়েলের হামলায় আক্রান্ত ফিলিস্তিনের নাগরিকদের জন্য অষুধ ও শিশুদের জন্য খাদ্য সহায়তা দিয়েছে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শনিবার (৫ জুন) বারিধারায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের কাছে সাহায্যসামগ্রী তুলে দেন একটি প্রতিনিধি দল।

এসময় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান, পলিটব্যুরোর ও আন্তর্জাতিক বিভাগের সদস্য আলী আহমেদ এনামুল হক এমরান উপস্থিত ছিলেন।

এসময় বাদশা বলেন, ‘বাংলাদেশের মুক্তিসংগ্রামে ফিলিস্তিনি জনগণের সমর্থন আমরা ভুলি নাই। প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির দাবি প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের সমর্থন অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘প্যালেস্টাইনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা ও আকুন্ঠ সমর্থন দেখে আমি অভিভূত। প্যালেস্টাইনের বিজয় অবশ্যম্ভাবী।’