করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিয়ে সরকারের সমালোচনা করেছে দেশের কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। বুধবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতি ও ভার্চুয়াল অনুষ্ঠানে তারা অনতিবিলম্বে টিকা নিয়ে জাতীয় রোডম্যাট ঘোষণা করতে সরকারের প্রতি জোর আহ্বান জানায়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম রব বলেছেন, ‘করোনা মোকাবিলায় টিকাদানের অপরিহার্যতা বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু আমাদের মতো বিশাল জনগোষ্ঠী সম্পন্ন দেশের জন্য টিকা সংগ্রহ করা, ক্রয় করা বা উৎপাদন করা কোনোটাই সহজ কোনও কাজ নয়।’
তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী ধাপে ধাপে টিকা আসবে এবং বিভিন্ন উৎস থেকে টিকা আসছেও। তারপরও এসব টিকা আমাদের প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এ ছাড়া চুক্তিবদ্ধ হওয়া ও আগাম মূল্য পরিশোধের পরও ভারত টিকা রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। সংশ্লিষ্ট উৎস থেকে টিকা পাওয়ার ক্ষেত্রেও অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে।’
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জীবন ও জীবিকার সমন্বয় ঘটানোর জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন টিকার। সরকার টিকা সংগ্রহে পুরোপুরি ব্যর্থ হয়ে নিজেরদের ব্যর্থতা আড়াল করার জন্য সোয়া কোটি ডোজ টিকা হাতে নিয়ে কয়েক লাখ টিকা দিয়ে গণটিকা কার্যক্রমের নামে এক সার্কাস শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘যারা প্রথম ডোজ পেয়েছেন তাদের দ্বিতীয় ডোজ পাওয়ার বিষয়টিও অনিশ্চিত। টিকার রেজিস্ট্রেশন করে মাস পার হয়ে গেলেও বেশিরভাগ মানুষই তারিখ পাচ্ছে না। আবার তারিখ না পেয়ে টিকা কেন্দ্রে গেলে বলা হচ্ছে তারিখ পেলে তারপর টিকা দেওয়া হবে। এই তারিখ আসবে কবে? কথিত গণটিকা কার্যক্রমও চলেছে আওয়ামী কোটায়। কবে নাগাদ টিকা পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কিনা, সেই ব্যাপারে কিছুই বলছে না সরকার।’