‘রাষ্ট্রীয় নথিতে প্রতিরোধ যোদ্ধারা এখনও দুষ্কৃতকারী’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার প্রতিবাদে কাদের সিদ্দিকীর (বীরউত্তম) নেতৃত্বে যারা প্রতিরোধ গড়ে তুলেছিল, রাষ্ট্রীয় নথিতে এখনও তাদেরকে  দুষ্কৃতকারী হিসেবে লিপিবদ্ধ করা রয়েছে বলে অভিযোগ করেছে কৃষক শ্রমিক জনতা লীগ।  দলটির মনে করে, এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তারা অবিলম্বে প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেন।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির নেতারা এসব অভিযোগ করেন।

শোক দিবস উপলক্ষে দলটি দোয়া মাহফিলের আয়োজন করে।

নেতারা বলেছেন, কাদের ‍সিদ্দিকীর নেতৃত্বে প্রতিরোধ যোদ্ধারা বাঙালি জাতির মর্যাদা রক্ষা করেছিলেন। তার নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল বলেই সেই দিন বঙ্গবন্ধুর অনুসারী অসংখ্য নেতা-কর্মীর জীবন রক্ষা পেয়েছিল। অথচ বঙ্গবন্ধুর কন্যা দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এই প্রতিরোধ যোদ্ধাদের নাম এখনও রাষ্ট্রীয় নথিতে দুষ্কৃতকারী হিসেবে লিপিবদ্ধ রয়েছে।

দলের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান পারভেজ, আবুল হোসেন, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব-উন-নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ প্রমুখ।