‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এক ও ঐক্যবদ্ধ’ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই মহাসচিব বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায় দিয়ে বর্তমান সরকার অন্যায়ভাবে আটক রেখেছে, কারানির্যাতনে তিনি এখন গুরুতর অসুস্থ। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল ষড়যন্ত্র-কূটকৌশল মোকাবিলা করে বিএনপি এক ও ঐক্যবদ্ধ।’
শুক্রবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। এদিন তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। এই দুঃসময়ে বহুদূর থেকে তিনি দলকে সংগঠিত করার কাজ করছেন অত্যন্ত মনোযোগ, ধীশক্তি ও দক্ষতা সহকারে। জনমনে আস্থা ও বিশ্বাসের প্রতিচ্ছবি তারেক রহমান।’