অপ্রীতিকর ঘটনা না ঘটানোর আহ্বান চরমোনাই পীরের

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  বলেছেন, বাংলাদেশে আমরা সব ধর্মাবলম্বীদের নিয়ে সহাবস্থানে বসবাস করছি। মুসলমানরা অসভ্য জাতি নয়। ভারতের অন্যায়ের কারণে যেন বাংলাদেশে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয়, এ জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ভারতে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘ভারত সরকারকে অবিলম্বে মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকারীদের  গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিজেপির উগ্র সাম্প্রদায়িক আচরণ অব্যাহত থাকলে বাংলাদেশের শান্তিকামী জনতা ভারতীয় পণ্য-সেবাকে অবাঞ্চিত ঘোষণা করে সর্বাত্মক বয়কট করবে।’

সরকারকে আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘অবিলম্বে চলতি সংসদেই ভারতীয় আচরণের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনুন।’

দলের গণমিছিল পূর্ব জমায়েতে বক্তব্য রাখেন— দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী,  নূরুল হুদা ফয়েজী, মহাসচিব প্ ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, যুবনেতা মাওলানা নেছার উদ্দিন, আলহাজ আব্দুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, ছাত্রনেতা নূরুল করিম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।