ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম বলেছেন, ‘অধিকাংশ রাজনৈতিক দলের তীব্র আপত্তি ও ইভিএমে অনাস্থার পরও ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত অযৌক্তিক। প্রায় সকল রাজনৈতিক দল ইভিএম-এর বিপক্ষে মতামত দিলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতামতকে আমলে নেওয়া হয়নি।’
শুক্রবার (২৬ আগস্ট) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ' এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে ডেকে মতামত নেওয়ার পর তাদের আশ্বস্ত করে এখন ধোঁকা দিচ্ছে সিইসি। সিইসির এমন সিদ্ধান্ত শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় বসানোর অপকৌশল।’
এসময় নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ‘শিক্ষা যে কোনও জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি। নৈতিকতা ও মূল্যবোধ চর্চার কথা নতুন শিক্ষাক্রমে বারবার উল্লেখ করা হলেও ইসলাম শিক্ষাকে সামষ্টিক মূল্যায়নে ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে মানবিক বিভাগে ঐচ্ছিক রেখে কৌশলে সংকুচিত করা হয়েছে। যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম নীতি নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্থ প্রজন্ম হিসেবে গড়ে ওঠার দ্বার খুলে যাবে।’
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম প্রমুখ।