সীমান্ত পরিস্থিতি জাতিসংঘের নজরে আনার আহ্বান সুপ্রিম পার্টির

মিয়ানমার সীমান্তে চলমান পরিস্থিতি জাতিসংঘের নজরে আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি। দলটির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ বলেন, মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন, রোহিঙ্গা শিবিরে হামলায় হতাহতের ঘটনা, আন্তর্জাতিক আইনের অবমাননা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত— যুদ্ধের উসকানির মতো অপরাধ।

বুধবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক নিরাপত্তাকেও প্রভাবিত করবে। বিষয়টি মনে করিয়ে দিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে।

সুপ্রিম পার্টি চেয়ারম্যান বলেন, মিয়ানমারের সামরিক সরকার ২০১৭ সালের আগস্টে পরিকল্পতভাবে ‘জাতিগত নিধন’ চালিয়ে লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে ঢুকতে বাধ্য করেছে। বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও, পরবর্তীতে প্রত্যাবসান চুক্তি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেয়নি মিয়ানমার জান্তা সরকার।