বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম বলেছেন, দেশে খাদ্যমূল্য বৃদ্ধিতে জনজীবনে চরম সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ খুব বেশি সন্তোষজনক নয়। তার ওপর সরকার দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে একের পর এক এই সংকট বাড়িয়ে তুলছে।
সোমবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ঋণ এবং উন্নয়ন বিষয়ক এশীয় গণআন্দোলন আয়োজিত ‘খাদ্য ও জলবায়ু প্রশ্ন’ বিষয়ক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বদরুল আলম বলেন, ‘বিদ্যুতের অভাবে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী বছর একটি কঠিন দুর্ভিক্ষ সৃষ্টির সম্ভাবনা প্রতীয়মান হচ্ছে। বারবার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছে। ফসল উৎপাদন করতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছে।’
তিনি বলেন, ‘দেশে ১৬ অক্টোবর বিশ্বখাদ্য দিবস পালন অর্থহীন হয়ে যাচ্ছে— যখন ক্ষুধা ও দারিদ্র্য সর্বত্র সাধারণ একটি বাস্তবতা। বর্তমান বিশ্ব বাস্তবতায় কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এখন একটি জরুরি কাজ।’
সমাবেশে বদরুল আলম জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তনের ওপর গুরত্ব আরোপ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.এ.এ ফয়েজ হোসেন, রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডরেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম শান্তনা, বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।