‘শান্তিপূর্ণ আন্দোলনেই সরকারের পতন হবে’

পুলিশের বেপরোয়া নির্যাতন, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি, বিএনপি নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও সংহতি জানিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে বিজয় নগর-পুরানা পল্টনে বিক্ষোভ এবং ব্রিফিং করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

এসময় তিনি বলেন, ‘বিএনপি গোটা দেশেই শান্তিপূর্ণ সমাবেশ করেছে। কিন্তু সরকার ঢাকার সমাবেশ বানচাল করতে হীন চক্রান্তের আশ্রয় নিয়েছে। তারা বিএনপি অফিসে বেপরোয়া হামলা, কর্মী হ্ত্যা ও নৃশংসতা চালিয়েই ক্ষান্ত হয়নি। বৃহস্পতিবার গভীর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে যে কায়দায় তারা বাসা থেকে গ্রেফতার করেছে, তা অত্যন্ত লজ্জাকর। বিরোধী দলের কর্মসূচি বানচালের এই হীন ষড়যন্ত্রের আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে আমরা গ্রেফতারকৃত সব বিরোধী নেতাকর্মীর মুক্তি দাবি করছি।’ তিনি বলেন, ‘জনগণ আজ ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ আন্দোলনেই ইনশাআল্লাহ এই সরকারের পতন হবে।’

এর আগে বিরোধী দলের কর্মসূচি বানচালের সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ। মিছিল কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, অ্যাডভোকেট সাঈদ নোমান প্রমুখ।