বিএনপি’র ১০ দফা গ্রহণযোগ্য। এই দাবি জাতীয় সমঝোতা দলিলের প্রাথমিক খসড়া ও দেশের গনতন্ত্রকামী প্রতিবাদী মানুষের অধিকারের সনদ বলে আখ্যা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি।
শনিবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংহতি সমাবেশে দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু এ কথা বলেন।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রেক্ষাপট তুলে ধরে মনজু বলেন, ‘ইউরোপজুড়ে ফ্যাসিবাদী শক্তির উত্থান ও একটি ধ্বংসাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে, আজ থেকে ৭৪ বছর আগে ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। যাতে বিশ্বজুড়ে শান্তি, সাম্য এবং মানবিক মর্যাদা কোনও ফ্যাসিবাদী শক্তি ও স্বৈরতান্ত্রিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে না পারে। কিন্তু আজ সরকার সেসব ঘোষণাপত্রের প্রত্যেক অঙ্গীকার লঙ্ঘন করছে।’
বিএনপি’র ঢাকা বিভাগীয় সমাবেশে ঘোষিত ১০ দফা দাবির ব্যপারে মন্জু বলেন, ‘এগুলো কোনও দলের না বরং সারা দেশের গণতন্ত্রকামী প্রতিবাদী মানুষের অধিকারের সনদ। এবি পার্টি গত তিন বছর ধরে বিভিন্ন মিটিং, সমাবেশে এসব দাবি বারবার উত্থাপন করেছে, কিন্তু সরকার সেগুলোর দিকে কোনও নজরই দেয়নি।’
এ সময় আরও বক্তব্য রাখেন— এবি পার্টির যুগ্ম- আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম- সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।