বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। সরকারের কাছে জনগণের স্বার্থ উপেক্ষিত।
শনিবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, ‘চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়। সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ-দুর্দশা নিয়ে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জনগণ এই সরকারের দুঃশাসন থেকে বাঁচতে চায়।’
লেবার পার্টি ঢাকা মহানগরের সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমাউন কবিরের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন– লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মানবাধিকার সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ।