দলের নিবন্ধন আবেদন বিবেচনার দাবি পিআরপি’র

দলের  নিবন্ধন পাওয়া নাগরিক অধিকার হলেও সেটি নির্বাচন কমিশন হরণ করেছে বলে মন্তব্য করেছেন জনতার অধিকার পার্টির (পিআরপি) নেতারা। রাজনৈতিক দলের নিবন্ধনের ‘কালো আইন’ বাতিল ও আবেদন পূর্ণ বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার অধিকার পার্টি (পিআরপি) আয়োজিত নিবন্ধন আবেদন পূর্ণ বিবেচনার দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলা হয়।

সমাবেশে দলটির পক্ষ থেকে বলা হয়, তারা যখন নির্বাচন কমিশনে কথা বলতে যায়, তখন তাদেরকে হেও প্রতিপন্ন করে কথা বলা হয়। তারা (নির্বাচন কমিশন) যে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী, সেটা ভুলে গিয়ে উল্টা আমাদেরকে কর্মচারী বানিয়ে কথা বলে। এবং দল হিসেবে নিবন্ধন পাবার আমাদের যে নাগরিক অধিকার, সেটি নির্বাচন কমিশন হরণ করেছে।’

সভাপতির বক্তব্যে পিআরপি’র চেয়ারম্যান  তরিকুল ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে আমাদের দলকে নিবন্ধন করার জন্য আবেদন করেছি। পাশাপাশি দল নিবন্ধনের জন্য যা যা শর্ত আছে, সব কিছুই পূরণ করেছি। প্রয়োজনে সেটি সবাই খতিয়ে দেখতে পারেন।’

তিনি বলেন, ‘গত ৩ ডিসেম্বর আমাকে গ্রেফতার করে ২ মাস জেল হাজতে রাখা হয়েছে। সে সময় আমাদের বেশ কিছু নেতাকর্মী কারাগারে থাকার কারণে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তাই পুনরায় আমরা তাদের কাছে আবেদন করতে গেলে, তারা আমাদের আবেদনটি গ্রহণ করেনি। সেজন্যই আজকে আমরা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করছি। আগামীকাল ১০ মে সকাল সারে ১১টায় আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলন সংগ্রামের রাজনৈতিক দল হিসেবে আমাদের যতটুকু চেষ্টা আছে, তা করে যাচ্ছি। দল হিসেবে নিবন্ধন পাওয়া আমাদের একটি রাজনৈতিক এবং নাগরিক অধিকার। সেই নাগরিক অধিকার হরণ করার এখতিয়ার তাদের (নির্বাচন কমিশন) নেই।’

পিআরপি'র যুগ্ম মহাসচিব নুরে আলম খোকনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— পিআরপি'র সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, যুব মহাসচিব মাহবুবুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।