বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো ঈদবার্তায় তিনি বলেন, ‘আমাদের জাগতিক লোভ-লালসা, চাওয়া-পাওয়ার থেকে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। কোনও ব্যক্তি যখন আমিত্বকে বিসর্জন দিতে পারবে, তখন সে কোনও খারাপ কাজে জড়িত হতে পারবে না। কোরবানির শিক্ষা তাই জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা, ন্যায়প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন,"ঈদুল আজহা আমাদের মাঝে আসে অনেক বার্তা নিয়ে। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) আত্মত্যাগের যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা স্মরণ করে মুসলমানরাও পশু কোরবানি করে থাকেন।”
তিনি আরও বলেন, "এবারের ঈদুল আজহা এমন এক সময়ে আমাদের মাঝে এসেছে, যখন বিশ্বজুড়ে নানা সংকটে অর্থনৈতিক অস্থিরতা চলছে। সাধারণ মানুষের জীবনেও এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। তাই আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে সকলকে আহ্বান জানাচ্ছি। আজ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরতা চলছে। আমরা আন্তর্জাতিক মহলের কাছে জোড় দাবি জানাচ্ছি ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করার জন্য।"