প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশের খ্যাতনামা ইতিহাসবিদ ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর। বুধবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো জাতীয় মুক্তি কাউন্সিলের এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ‘দেশ এখন একটি রাজনৈতিক দুর্যোগপূর্ণ পথ অতিক্রম করছে। ভোট চুরির মাধ্যমে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত ১০ বছর একটানা জনগণের ওপর ফ্যাসিবাদী শাসন জারি রেখেছে। এখন নীল নকশার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে পুনরায় গদি দখলে রাখতে উঠে পড়ে লেগেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘শেখ হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত করে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচন করার বিরোধী দলের দাবি মেনে নিতে হবে। দেশব্যাপী জনগণের রাজনৈতিক অভ্যুত্থান এখন ফ্যাসিবাদী সরকারের মুখোমুখি। দাবি না মানলে জনগণ রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে দাবি আদায় করে নেবে।’