৫ আগস্ট মহাসমাবেশের ডাক ইসলামী ফ্রন্টের

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আগামী ৫ আগস্ট মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। বুধবার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব স উ ম আবদুস সামাদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশে যখন জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবিতে পরিণত হয়েছে, সেই মুহূর্তে দুই বড় জোটের পরস্পর বিপরীত এক দফা রাজনৈতিক দাবি দেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের আয়োজনে যথাযথ পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। এ লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে সামাদ বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়। সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ চায় না। তাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, দুর্নীতির করালগ্রাস থেকে মুক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ, সব দলের অংশগ্রহণে সংঘাতমুক্ত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বর্তমানে গণমানুষের গণদাবিতে পরিণত হয়েছে। এসব দাবিতে আগামী ৫ আগস্ট সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন দলের চেয়ারম্যান এম এ মতিন, সৈয়দ মসিহুদ্দৌলা, আবুসুফিয়ান আবেদী আলকাদেরী, সৈয়দ মোজাফফর আহমেদ মোজাদ্দেদী, অ্যাডভোকেট ইকবাল হাসান, মাওলানা মো. আবদুল হাকিম প্রমুখ।