বিএনপি ও সমমনা দলগুলো ঘোষিত তৃতীয় দফা দুই দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট। এ সময় জোটের নেতারা বলেন, হামলা, মামল, গ্রেফতারের ভয় দেখিয়ে বিরোধীদের ঐক্য বিনষ্টে ষড়যন্ত্র করছে সরকার। আওয়ামী লীগ পাতানো নির্বাচনের দিনক্ষণ গণনা করছে আর জনগণ তাদের পতনের ক্ষণ গণনা শুরু করেছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষে বিজয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা এসব কথা বলেন।
১২ দলীয় জোটের নেতারা বলেন, শেখ হাসিনা সরকার নিশ্চিত পতন ঠেকানোর সব কৌশল প্রয়োগে ব্যর্থ হয়ে বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষোভে-দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতাকে অযৌক্তিক ও অনৈতিকভাবে গ্রেফতার করে আত্মতুষ্টি বোধ করছে।
তারা বলেন, দমন-পীড়ন চালিয়ে একটি জাতিকে দমিয়ে রাখা যায় না। বিরোধী দলকে জেলে ভরে রাজপথ থেকে হটিয়ে ফাঁকা মাঠে নির্বাচন করে জয়লাভের স্বপ্নে বিভোর হয়ে পাতানো নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু করেছে আওয়ামী লীগ। কিন্তু জনগণ আওয়ামী সরকারের পতনের ক্ষণ গণনা শুরু করেছে। শিগগিরই প্রমাণ হবে আওয়ামী লীগ নাকি জনগণ বিজয়ী হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নোয়াব আলী আব্বাস খান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, ন্যাপ ভাসনীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ।