খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত একতরফা নির্বাচনের তফশিলের কারণে দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন (ইসি) ক্ষমতাসীনদের পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত। নির্বাচনের আগেই বর্তমান ইসি ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, দেশবাসী মনে করে বর্তমান সরকারের অধীনে কোনভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন ও ২০১৮ সালের নৈশভোটের নির্বাচন তারই প্রমাণ। তাই দেশবাসীর দাবি ছিল দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু সরকার গণদাবিকে উপেক্ষা করে আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। ফলে বিরাজমান সংঘাত ও সহিংসতা বৃদ্ধিসহ উদ্ভূত পরিস্থিতির দায় সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসাইন, দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, আবদুল জলিল, শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ডা. রিফাত হোসেন মালিক প্রমুখ।