বিগত দুটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা ‘বঞ্চিত ভোটার'দের নিয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচনি তফসিল বাতিলের দাবি জানান এবি পার্টির নেতারা।
সমাবেশে দলের সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, সবাই জানে এই নির্বাচনে কে কোথায় এমপি হবে, তা নির্ধারণ করবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তাহলে দেশের শত শত কোটি টাকা খরচ করে এই ভোট রঙ্গমঞ্চের কী দরকার?
৭ জানুয়ারি যদি নির্বাচন হয় তাহলে সেটা হবে ‘কিংডম অব গুম খুন ও দুর্নীতি’ প্রতিষ্ঠিত করার নির্বাচন বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, শাহ আব্দুর রহমান, এস এম আক্তারুজ্জামান প্রমুখ।