গণগ্রেফতার দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না: জাতীয় মুক্তি কাউন্সিল

সরকার বিরোধী দল ও মত দমনে গুম,বিচারবহির্ভূত হত্যা, আটক অবস্থায় নির্যাতন, গণগ্রেফতারের যে পথ বেছে নিয়েছে,তা দিয়ে শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে প্লাকার্ড বিক্ষোভ সমাবেশে করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সমাবেশে  আটক  অবস্থায় নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি এসব কথা বলেন।

ফয়জুল হাকিম বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশে আজ  মানবাধিকার ভূ-লুণ্ঠিত। সভা সমাবেশ মিছিল মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার দেশকে এক পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।’

গুম ও বিচারবহির্ভূত হত্যাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার বিরোধী দল ও মত দমনে গুম, বিচারবহির্ভূত হত্যা, আটক অবস্থায় নির্যাতন, গণগ্রেফতারের যে পথ বেছে নিয়েছে, তা দিয়ে শেষ রক্ষা হবে না।’

ফয়জুল হাকিমের সভাপতিত্বে প্লাকার্ড বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ-সভাপতি দীপা মল্লিক ও জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের সংগঠক হেমন্ত দাস।