জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি এবি পার্টির

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে ‘প্রহসন’ বন্ধ করে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)। ৭ জানুয়ারি নির্বাচন হলে দেশে আবারও একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) পল্টন এলাকায় সরকারের পদত্যাগ ও ‘প্রহসনের নির্বাচন’ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে এ দাবি করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারির এই ‘প্রহসনের নির্বাচন’ হতে পারে না। এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক। সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।