নির্বাচন কমিশন (ইসি) এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বুধবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক দফা শেখ হাসিনা সরকারেরর পদত্যাগের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের অনুগত। ৭ জানুয়ারি ভোটের দরকার নেই, জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নেই। শেখ হাসিনা যে তালিকা দেবেন, সেই তালিকাই হাবিবুল আউয়াল প্রকাশ করে দেবেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা মানুষের সঙ্গে তামাশা করেছেন, জনগণের গণতন্ত্র হত্যা করেছেন, বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছেন; জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার হত্যা করেছেন। এখন হাবিবুল আউয়ালকে দিয়ে রাজনৈতিক নোটিশ জারি করেছেন। এটা কি মামা বাড়ির আবদার?
তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন ‘নির্বাচন নির্বাচন খেলা’র পর দেশে দুর্ভিক্ষ হবে। তিনি কীভাবে জানেন দেশে দুর্ভিক্ষ হবে? শেখ হাসিনা এখন আগাম বার্তা দিচ্ছেন। গণভবনে বসে কাকে কয়টা সিট দেবেন, কাকে তথাকথিত মন্ত্রী বানাবেন, সেটার তালিকা করছেন। আবার রওশনকে গিয়ে বলেন আপনি জাতীয় পার্টির সঙ্গে জোট করবেন না। এগুলোর সবকিছুর নেতা হচ্ছেন শেখ হাসিনা। কিংস পার্টির নেতাও তিনি।
আওয়ামী লীগের জোটবদ্ধ দলগুলো নিয়ে সুব্রত চৌধুরী বলেন, ১৪ দলের নেতারা গিয়েও বলে আমাদেরও দুই-চারটা সিট দেন, ইসলামিক দলগুলোও গিয়ে তাকে (শেখ হাসিনা) বলে, আমাদেরও কয়েকটা সিট দেন। উনি তো এখন রাজরানি হয়ে গেছেন; সবাইকে সিট দিচ্ছেন।
তিনি আরও বলেন, আপনি ভোটের ব্যাপারে যে চালাকি করেছেন, সবকিছুতে আপনি ধরা খেয়ে গেছেন। এখন ১৮ কোটি মানুষ শেখ হাসিনার পতনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, পিপলস পার্টির কো-চেয়ারম্যান নাসির খান ভাসানীসহ গণফোরামের অন্য নেতারা।