নির্বাচনের পরিবেশ আশানুরূপ: বাংলাদেশ কংগ্রেস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মনে করছে সম্মিলিত মহাজোটের শরিক দল বাংলাদেশ কংগ্রেস। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের সার্বিক পরিবেশও আশানুরূপ আছে বলে দাবি করেছে দলটি।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ারও আহ্বান জানায় দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের আহ্বায়ক কাজী রেজাউল হোসেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার প্রত্যয়ে নির্বাচন কমিশনের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ কংগ্রেস নির্বাচনে যাচ্ছে। দলটির শতাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

তিনি বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি আশানুরূপ। আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে মনে হচ্ছে। আমরা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে এবং নির্বাচনকে উৎসবমূখর করতে আহ্বান জানাচ্ছি। ভোটের দিন পর্যন্ত নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু নির্বাচনের উপযোগী রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ কংগ্রেসসহ আটটি দল সম্মিলিত মহাজোটে রয়েছে। আমাদের ১০৯ জন বৈধ প্রার্থী আছে। ১০ জন প্রার্থীর বৈধতা আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নির্বাচনের এমন পরিবেশ বজায় থাকলে আশা করি আমরা ১০টি আসন পাবো।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের সুস্থ পরিবেশ রয়েছে। কোনও আতঙ্ক দেখছি না।’

এ সময় আরও ছিলেন– সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক আবু আহাদ আল মামুন, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, স্বাধীন জোটের প্রতিনিধি মো. মাইদুল ইসলাম মিঠু, জাতীয় জোটের কো-চেয়ারম্যান মোস্তফা কামাল (বাদল), জাতীয় ইসলামী ঐক্যজোটের মহাসচিব মো. নুরুল আমিন (বাহাদুর) প্রমুখ।