নির্বাচন বর্জনে এবি পার্টির প্রচারপত্র বিতরণ

নির্বাচন বর্জনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার (১ জানুয়ারি) প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ দিন বিকাল ৪টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে শুরু করে কাকরাইল, পল্টন ও সেগুনবাগিচা এলাকায় প্রচারপত্র বিলি করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুতেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্ববায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম।

মেজর অব. মিনার বলেন, ‘একটি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার লুটপাট আর নির্যাতনের লাইসেন্স পাঁচ বছরের জন্য রিনিউ করার চক্রান্ত করছে। আমি আর ডামির এই নির্বাচন জনগণ মেনে নেবে না।’

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘৭৪ সালে দেশের গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল। আজ নতুন করে দ্বিতীয় বাকশালের সূচনা হয়েছে।’

প্রচারপত্র বিলিতে আরও ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্ববায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।