যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে এবি পার্টির মতবিনিময়

আন্তঃ ও অন্তর্দলীয় সহিংসতাসহ নির্বাচন পূর্ব এবং পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণ করতে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মূল্যায়ন টিমের সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) গুলশানে হোটেল ‘আমারি’তে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া এবং সহকারী সদস্যসচিব ও উইমেন উইং ইনচার্য ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।

যুক্তরাষ্ট্রের  ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ৫ সদস্যের যৌথ মূল্যায়ন টিম সম্প্রতি ঢাকায় এসেছে।

পাঁচ সদস্যের এই দলটি আন্তঃ ও অন্তর্দলীয় সহিংসতাসহ নির্বাচন পূর্ব এবং পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণ করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন টিমের সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন— আইআরআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা ড. জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআই  যৌথ টিমের নিরাপত্তা ও শারীরিক নির্যাতন বিশ্লেষক নেনাদ মারিনকোভিচ এবং তথ্য পরিবেশ বিশ্লেষক ইভালো পেনশেভ।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।

ব্রিফিংয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে টিম এসেছে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেননি, তারা মূলত নির্বাচন পূর্ব এবং পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণ করতে এসেছে। মার্কিন টিম ইতোমধ্যে নির্বাচনকেন্দ্রিক সরকারি দলের অন্তর্দলীয় সহিংসতার বিষয়ে জানতে চেয়েছে এবং নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহিংসতার বিষয়েও নানা প্রশ্ন করেছেন তারা।