নির্বাচনে কৃত্রিম দ্বন্দ্ব, মজা পাচ্ছে মানুষ: এবি পার্টি

একটা প্রহসনের নির্বাচন আয়োজন করতে গিয়ে সরকার পুরো লেজে-গোবরে অবস্থায় পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘সরকারি দল নিজেদের মধ্যে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে গিয়ে কৃত্রিম দ্বন্দ্ব-সংঘাত বাঁধিয়ে এখন আর কূল-কিনারা পাচ্ছে না। আওয়ামী লীগ, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার যৌথ কামড়াকামড়ির এই নির্বাচনে মানুষ খুব মজা পাচ্ছে।’

বুধবার (৩ জানুয়ারি) বিকালে ‘প্রহসনমূলক নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জনমত তৈরির লক্ষ্যে পদযাত্রা’ কর্মসূচিতে এসব কথা বলেন মঞ্জু। পদযাত্রাটি দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

মজিবুর রহমান বলেন, ‘এটা কোনোভাবেই জনগণের নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ সভাপতি জনগণের দুর্ভোগ-দুর্দশার প্রতি উপহাস করে কাঁঠালের বার্গার এবং কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিয়েছেলেন, কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করেছিল।’

দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘৫০ হাজার ভুয়া মামলা দিয়ে ২০ হাজার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে জেলে ভরে শেখ হাসিনা তার পদলেহনকারী নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে একতরফা নির্বাচন করছে। ডামি প্রার্থী, কিছু দালাল সঙ্গে নিয়ে এই প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশের মানুষ তার অধিকার আদায় করে নেবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন– দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।