সরকার ভোটের নামে নাটক মঞ্চস্থ করছে: ১২ দল

‘সরকার ভোটের নামে নাটক মঞ্চস্থ করতে চলেছে। আসুন, সবাই ৭ তারিখ ভোট বর্জন করি। শেখ হাসিনাকে না বলি।’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টন এলাকায়  গণসংযোগ ও পদযাত্রা শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ১২ দলীয় জোটের নেতারা এসব কথা বলেন।

সমাবেশে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এই নির্বাচন জনগণ ও দেশের  জন্য মহাবিপদ ডেকে আনবে। তবে ৭ তারিখ আওয়ামী লীগের মনোনীত ডামি প্রার্থীদের ভোট দিতে জনগণ ভোট কেন্দ্রে যাবে না।’

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস বলেন, ‘সরকার ভোটের নামে নাটক মঞ্চস্থ করতে চলেছে। এই নির্বাচন দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বরং দেশকে ধ্বংস করবে। তাই আসুন, সবাই মিলে নির্বাচন বর্জন করি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন— জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী প্রমুখ।