আ.লীগ বাড়ি বাড়ি গিয়েও কেন্দ্রে ভোটার আনতে পারবে না: গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ভোট নয়, সরকার ফলাফল ঘোষণা করতে যাচ্ছে। দেশের মানুষের কাছে এই ঘোষণা গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না পৃথিবীর কোথাও। আওয়ামী লীগ বাড়ি বাড়ি গিয়েও কেন্দ্রে ভোটার উপস্থিত করতে পারবে না।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা বলেন। ভোট বর্জনের আহ্বানে এ কর্মসূচি পালন করেন তারা।  

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, স্বেচ্ছা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সরকার। আগামী ৭ তারিখ সরকার ও প্রশাসন মিলে আবারও দেশের নাগরিকদের অপমান করতে যাচ্ছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরও তাই করেছিল। ভোটকেন্দ্রে মানুষ আনার জন্য আইন আদালত, হুমকি-ধামকি ও টাকার লোভ দেখাচ্ছে তারা।

সমাবেশ থেকে সব ভয়-ভীতি, দমন-পীড়ন মোকাবিলা করে জনগণকে ঐক্য বজায় রাখার এবং ৭ তারিখ ভোট বর্জনের মাধ্যমে নতুন গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সেগুনবাগিচা স্কুলের সামনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে আওয়ামী লীগের হামলা এবং ব্যানার কেড়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া ঘটনায় সমাবেশ থেকে প্রতিবাদ জানান মঞ্চের নেতারা।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন– বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।