৩০ জানুয়ারির সংসদকে লাল কার্ড দেখাবে এবি পার্টি

সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংসদের অধিবেশন ডাকার প্রতিবাদে ৩০ জানুয়ারি সংসদকে লাল কার্ড দেখানোর কর্মসূচি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (২৭ জানুয়ারি) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই ঘোষণা দেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে দেশে মিডনাইট একাদশ সংসদের ৩৫০ জন আর ডামি দ্বাদশ সংসদের ২৯৮ জনসহ ৬৪৮ জন শপথবদ্ধ এমপি রয়েছেন। আগামী ২৯ জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হওয়া অবধি এই অরাজকতা থাকবে। এটি একটি চরম সাংবিধানিক লঙ্ঘন। এই সময়ের মধ্যে চাইলে দ্বাদশ অবৈধ সংসদ বাতিলও করে দেওয়া সম্ভব।’

ব্রিফিংয়ে বাংলাদেশের সংবিধান থেকে আইনি বিধান উল্লেখ করে তাজুল বলেন, ‘ডামি সরকার স্বজ্ঞানে ও ইচ্ছাকৃতভাবে সংবিধান লঙ্ঘন করেছে। সংবিধানে ৭(খ) অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে, ‘এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। (৩) এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে’। এ জন্য তাদের ওপর ক্যাপিটাল পানিশমেন্টও বরাদ্দ।

অ্যাডভোকেট তাজুল সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদের ‘ক’ দফা উল্লেখ করে বলেন, এতে বলা হয়েছে, ‘সংসদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববতী নব্বই দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে। তবে শর্ত থাকে যে, এই দফার ‘ক’ উপ দফা অনুয়ায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপ দফার উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।’

তিনি আরও বলেন, বর্তমান সংসদের মেয়াদ আছে ২৯ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই দফা ও উপ দফা অনুযায়ী দ্বাদশের জন্য নির্বাচিতরা ২৯ জানুয়ারির আগে শপথ গ্রহণ করতে পারবেন না। করলে তা অসাংবিধানিক ও অবৈধ হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, মশিউর রহমান মিলু, শরণ চৌধুরী, আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।