ব্রিটিশ পদ্ধতির কারণে আইনি পথে লুটপাট ও পাচার হয়: হাসনাত কাইয়ূম

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন, ‘ব্রিটিশদের লিগ্যাল সিস্টেম খুব ভালো বলে যে বাহবা দেওয়া হয়, সেটার মাধ্যমে আদতে কলোনিয়াল লিগ্যাল সিস্টেমকে বৈধতা দেওয়া হয়। যেই লিগ্যাল সিস্টেম ছিল কলোনি চালানোর প্রধান হাতিয়ার। এর মাধ্যমে এই হাতিয়ার আড়ালও করা হয়। তাদের লিগ্যাল সিস্টেমের লিখিত রূপ ‘ভারত শাসন আইন’ পাকিস্তানের সংবিধান হয়ে বাংলাদেশের ’৭২ সালের সংবিধানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা হয়।’

রবিবার (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর তোপখানার মেহেরবা প্লাজায় দলের প্রধান কার্যালয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত ২৬৮তম পলাশী দিবস উপলক্ষে ‘দখল-লুটপাট-পাচারের সেকাল ও একাল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই লিগ্যাল সিস্টেম ব্যবহার করেই এখানে আইনি পথে লুটপাট করা হয় এবং আইন ব্যবহার করেই পাচার করা হয়। কলোনিয়াল সিস্টেম এখন মাফিয়া সিস্টেমে পরিণত হয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, জাতীয় সমন্বয় কমিটির সদস্য হাবিবুর রহমান রিজু, জাকিয়া বেগম শিশির, ঢাকা জেলা সমন্বয়ক শাহাবুদ্দিন কবিরাজ লিটন, কেন্দ্রীয় নেতা সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক, সম্মিলিত শ্রমিক পরিষদের সমন্বয়ক এ এস এম ফয়েজ, গণফোরামের তথ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ নেতারা।