আমরা চাই তদন্তে জাতিসংঘ সর্বাত্মক সহায়তা ও নেতৃত্ব দিক: এবি পার্টি

জুলাই এবং আগস্ট মাসে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে দেশে যে গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে এবি পার্টি। দলটির বলেছে, ‘আমরা চাই জাতিসংঘ এই তদন্তে সর্বাত্মক সহায়তা ও নেতৃত্ব দিক।

শনিবার (১০ আগস্ট) জাতিসংঘ বাংলাদেশ মিশনের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে তার ঢাকার অফিসে সাক্ষাৎ ও মতবিনিময় করেন পার্টির নেতারা।

আমার বাংলাদেশ পার্টি মনে করে, বাংলাদেশের অন্যান্য উন্নয়ন অংশীদার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এই প্রক্রিয়ায় অংশ নিয়ে ক্রমান্বয়ে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশে যত গুম, খুন, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে, তারও বিচার প্রক্রিয়া নিরপেক্ষ উপায়ে হওয়ার পথ তৈরি হোক।

দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ ও জুবায়ের আহমেদ ভূঁইয়া এবং উইমেন-এর ইনচার্জ নাসরীন সুলতানা মিলি প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন। জাতিসংঘের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে আলোচনাকালে উপস্থিত ছিলেন।