‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী আন্দোলনের ১৮ নেতাকর্মী নিহত’

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী আন্দোলনের ১৮ নেতাকর্মী প্রাণ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ‘দেশের ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের ছাত্রসমাজ। তাদের অসীম সাহস, ত্যাগ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে। শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফয়জুল করিম।

তিনি বলেন, ‘১৯ জুলাইয়ে আমরা জানিয়েছি, সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরণে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছে। আমরা গর্ব করি, এক মহান বিপ্লবে আমরা ভূমিকা রাখতে পেরেছি। আমাদেরও অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন।’

‘সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের ১৮ জন মারা গেছেন। আহত হয়েছেন হাজারের বেশি। গুরুতর আহত ১৫০ জনেরও বেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ বলেন ফয়জুল করিম।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম ও কে এম আতিকুর রহমান।