রকিব, হুদা ও আউয়াল কমিশনকে আইনের আওতায় আনতে হবে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ‘রকিব, হুদা ও আউয়াল কমিশনের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অবৈধ নির্বাচন বাতিল করতে হবে এবং অবৈধ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বংশাল থানা শাখার উদ্যোগে ঐতিহাসিক বাংলাদেশ মাঠে গণমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে’ এই গণসমাবেশ করে দলটি।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার আদায়ের জন্য ৫ আগস্ট জীবনবাজি রেখে হাজারো মায়ের বুক খালি করে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছি। এ দেশ আমার। এ দেশ আপনার। ঢাবি, বুয়েট আমাদের কিন্তু পড়ার অধিকার সবার। দলমত-ধর্ম-বর্ণনির্বিশেষে দেশ সবার।’

ফয়জুল করীম বলেন, ‘মুসলিমদের পাশাপাশি সব ধর্মের মানুষ এখানে নিরাপদ থাকবে, এটাই স্বাভাবিক। সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে, তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায়। ৫ আগস্ট যে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে বিজয় এনেছি, পরবর্তী সময় এসে আমরা দেখলাম সেই আগের মতোই দখলদারি, চাঁদাবাজি, ধ্বংসযজ্ঞ শুরু করেছে একটি গোষ্ঠী। এসব বন্ধ করতে হবে। সবাই মিলে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’

গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের এ দেশের মানুষ ভালো করে চেনে ও জানে। এসব দুর্নীতিবাজ ও লুটেরাকে এ দেশের মানুষ আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চায় না।’