পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তির দাবি করেছে হেফাজত। পাশাপাশি নেতারা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনও আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) জামিয়া মাদানিয়া বারিধারায় শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের খাস কমিটির এক বৈঠকে দাবি জানানো হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলাবাদী। তিনি জানান, হেফাজতের ঢাকা মহানগর কমিটি গঠিত হয়েছে।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হেফাজতে ইসলাম কোনও ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না। মাজার হোক, খানকা হোক বা মিডিয়া হাউজ হোক— কোনও সহিংসতা কাম্য নয়। যারা সহিংসতা করে তারা আলেমদের মর্যাদা নষ্ট করে, চক্রান্তকারী তারা।’
তিনি জানান, শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন— হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদের, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, মুফতী সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।