ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সবাই মিলে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ভাগ্যাহত জনতার ভাগ্যের কোনও পরিবর্তন হবে না। স্বাধীনতা অর্থবহ হবে না। রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি। কিন্তু ঘুরেফিরে দুর্নীতিবাজদের ক্ষমতায় আনলে জনগণের দুঃখ-দুর্দশার অন্ত থাকবে না।
শনিবার (২৮ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখার উদ্যোগে ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামপন্থি দলগুলোর ঐক্য হলে ইসলামই হবে দেশের একমাত্র চাবিকাঠি। জালিমদের হাত থেকে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ের অনিবার্য দাবি।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। এতে কালোটাকার ছড়াছড়ি বন্ধ হবে। জনগণ ভোট দেবে মার্কায়, কোনও ব্যক্তিকে নয়। রাষ্ট্রেরও হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে।
ইসলাম ক্ষমতায় এলে মানুষের অধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি দিয়ে তিনি বলেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই। ইসলামি অর্থনীতি চালু হলে ঘুষ থাকবে না, লুটপাট হবে না। আদর্শিক পরিবর্তন ছাড়া গণমানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন সম্ভব নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা সভাপতি আলহাজ ফজলুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। এ ছাড়া আরও বক্তব্য দেন দলের অন্য নেতারা।