ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নেবো, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মহাসচিব আব্দুল আজিজ সরকার।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশবিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার।
বিএসপি মহাসচিব বলেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ-অনুভূতি নিয়ে খেলবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে আমাদের পানির নিচে তলিয়ে দেবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবে, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। পুরো জাতি আজ ঐক্যবদ্ধ।
তিনি বলেন, ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। তাদের কাছে বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশ আপনাদের প্রভুর ভূমিকায় দেখতে চায় না। প্রতিবেশী বলে আপনাদের দায়িত্বও বেশি। আমরা দায়িত্বশীল আচরণ দেখতে চাই। আমরা উগ্রতা, হঠকারিতা পছন্দ করি না। বাংলাদেশের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান এক ও অভিন্ন। যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। ধর্মীয় উগ্রতার কারণে এই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।
মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান মাওলানা বাকি বিল্লাহ আল আজহারী, মো. মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মো. আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম অভি, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন প্রমুখ।