ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সতর্ক করে বলেন, ‘যদি আমরা এখনই সোচ্চার না হই, তাহলে আমাদের সব অর্জন বিফলে যাবে।’
শুক্রবার (৭ মার্চ) বিকালে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ‘জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে সাঈদী ফাউন্ডেশন।
আলোচনা সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ধর্মের নামে যারা ইসলামবিরোধী কর্মকাণ্ড চালায়, তাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের সোচ্চার হতে হবে। বাংলাদেশ সম্পূর্ণ অসাম্প্রদায়িক না হলেও এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, যা আমাদের রক্ষা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিদেশে আমাদের দেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এর যথাযথ জবাব দিতে হবে।’
সভায় অন্যান্য বক্তারা বলেন, নতুন বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ওলামা-মাশায়েখদের মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আলেম-ওলামা ও জাতীয় নাগরিক পার্টির নেতারা।