ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, আওয়ামীলীগ যে অপকর্ম করেছে, তাতে রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মকাণ্ডের বিচার হওয়া ছাড়া রাজনীতি আসার কোনও সুযোগ নেই। তিনি বলেন, আজকে যারা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার জন্য আ.লীগের অংশগ্রহণ প্রত্যাশা করছেন, বিগত সময়ে তাদের ভুমিকা কী ছিল? তারা তখন কি আ.লীগকে প্রতারণার নির্বাচন থেকে ফিরে আসতে বারণ করেছেন?
রবিবার (২৩ মার্চ) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানা শাখা আয়োজিত ‘বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গণহত্যার বিচার ব্যতীত রাজনীতিতে আ.লীগকে যারা পুনর্বাসনের কথা বলছেন, তারাও ফ্যাসিবাদ ও দোসর। অভ্যুত্থানের সাত মাস অতিক্রান্ত হওয়ার পরও গণহত্যার বিচারকাজ শুরু না হওয়া ভাল লক্ষণ নয়। এতে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।’
মিরপুরের গ্র্যান্ড কনভেনশন হলে সংগঠনের কাফরুল থানা শাখা সভাপতি মাওলানা কামরুল আহসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার বিশেষ মেহমান ছিলেন দলের কৃষি বিষয়ক উপদেষ্টা কৃষিবিদ আফতাব উদ্দিন, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।