ফেনীতে নতুন করে বন্যার শঙ্কায় পরিস্থিতি মোকাবিলার কার্যকর প্রস্তুতি গ্রহণে ১৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৪ জুন) এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব বরাবর স্মারকলিপি দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী।
স্মারকলিপিতে তিনি গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতার আলোকে এ বছর পর্যাপ্ত সময় হাতে নিয়ে বন্যাকালীন ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব স্মারকলিপির দাবির প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপের কথা বিস্তারিতভাবে জানান। এছাড়া তিনি জানান, উদ্ধার কার্যক্রমের জন্য ব্যবহৃত সরঞ্জাম (স্পিড বোট, ফ্লোটিং বোট, টর্চলাইট, লাইফজ্যাকেট, ওয়াকিটকি) ইতোমধ্যে কেনা হয়ে গেছে।
শিগগিরই জেলায় পাঠানো এবং বন্যাকালীন সময়ে ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প, অন্তঃসত্ত্বা নারীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স, এন্টিভেনমের স্টক, স্বেচ্ছাসেবকদের ট্রেইনিংয়ের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।