জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগ ও তার সমর্থকদের হামলার প্রতিবাদে সম্মিলিতভাবে শাহবাগ বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তিসহ ছাত্র-জনতা।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগে মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেয় এনসিপি নেতাকর্মীসহ ছাত্র-জনতা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
এসময় বিক্ষোভকারীরা ‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, আমার ভাই আহত কেন জবাব চাই প্রশাসন, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব দে’সহ নানা স্লোগান দেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, এটা কোনও পলিটিক্যাল আন্দোলন নয়। গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ছাত্র-জনতা শাহবাগে অবস্থান নিয়েছে। পাশাপাশি এনসিপি ও অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।
এদিকে, এনসিপি’র সমাবেশস্থলে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাধারণ ছাত্র-জনতা ও এনসিপির সমর্থকেরা। এতে রাস্তার একপাশের যান চলাচল বন্ধ রয়েছে।
এদিন বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ৪০ থেকে ৫০ জনের একটি দল। এ সময় নেতাকর্মীরা ‘হই হই রইরই, আওয়ামী লীগ গেল কই’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
মিরপুর ১০ নম্বর চত্বরেও এনসিপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।