রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিশেষ করে শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল আচরণ করতে পারেননি।’ তবে এ নিয়ে যেন কোনও পক্ষ সুযোগ নিতে না পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ‘মরদেহ গুম’ ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল বলেও মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এ নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। যেখানে শুধু সরকারের প্রতিনিধিরা থাকবেন না, স্কুল কমিটির লোকজনও থাকবেন।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা প্রমুখ।