প্রতিবন্ধীবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা জরুরি: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ বলেছেন, ‘প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে সমতা নিশ্চিত না করে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই প্রতিবন্ধীবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।’

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রতিবন্ধী নাগরিকের অংশগ্রহণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক উইং ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির আয়োজন করে। সভা সঞ্চালনা করেন উইংয়ের সদস্য আমজাদ হোসেন।

সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধী নেতা, জাতীয় নাগরিক পার্টির সংগঠক এবং সমাজের নানা স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

নাভিদ নওরোজ শাহ আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি প্রতিবন্ধী মানুষদের করুণার চোখে দেখে না। বরং মনে করে, দেশের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সে লক্ষ্যেই আমাদের প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক উইং গঠন করা হয়েছে, যাতে বঞ্চিত ও শোষিত প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা দেওয়া যায়। আমরা চাই, তাদের আন্দোলনের সঙ্গে ছাত্রসমাজও যুক্ত হোক এবং রাজনৈতিক সচেতনতা তৈরি হোক।’ তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রিয়াজ মোর্শেদ, প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক উইংয়ের সংগঠক মুহাম্মদ ইফতেখার মাহমুদ, সদস্য বাপ্পী সরকার, অ্যাডভোকেট যায়েদ বিন নাসের, সাইফুর রহমান, চেনবানু এবং রংপুরের পীরগঞ্জ উপজেলা সমন্বয়ক আব্দুস সালাম মজনু।

অনুষ্ঠানে প্রতিবন্ধী প্রতিনিধিরাও তাদের অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, ‘প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিচ্ছিন্নতার ভার থেকে বেরিয়ে এসে সংগঠিত হয়ে ভোটব্যাংক হিসেবে নিজেদের উপস্থিতি রাজনীতিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। সমাজের কুসংস্কার ও প্রচলিত ধ্যানধারণা ভেঙে প্রতিবন্ধীদের সর্বস্তরে দৃশ্যমান ও কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ইশতেহার, গঠনতন্ত্র ও নীতিমালায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।’