গত বছরের দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি )। বৃহস্পতিবার (৩১ জুলাই) দলটির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এই আয়-ব্যয়ের হিসাব জমা দেন।
ইসি সচিব আখতার আহমদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে তাদের আয় হয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ৩৬ লাখ ১৭ হাজার ২৩১ টাকা। আর উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৭৭ হাজার ১১৩ টাকা।
ইসিতে দেওয়া হিসাব থেকে জানা গেছে, দলটির আয়ের খাত দু’টি- চাঁদা আদায় ও অনুদান গ্রহণ। আর ব্যয় হয়েছে প্রচার, প্রকাশনা, সংবাদ সম্মেলন আয়োজন, যাতায়াত, অফিস স্টেশনারি, অনুদান, শীত বস্ত্র বিতরণ, বন্যা সহায়তা, ভ্রমণ ব্যয়, মামলা পরিচালনা, জাতীয় কাউন্সিল, অফিস মেরামত ও রক্ষণাবেক্ষণ, অফিস ভাড়া, গাড়ি রক্ষণাবেক্ষণ, ইফতার মাহফিল, ঈদ উপহার, চিকিৎসা, নিবন্ধন প্রভৃতি খাতে।
উল্লেখ্য, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। আইন অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।