জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি নিজে শ্রেণি ঘৃণার শিকার হলেও রুমিন ফারহানাসহ যেকোনও নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট।
সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত লিখেছেন, নারীর রাজনৈতিক অবস্থান বিএনপির, এনসিপির, বামপন্থি ও ডানপন্থি হোক কিংবা দলবিহীন হোক— তার শরীর, সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাটশেমিংয়ের অধিকার কেউ পায় না।
এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। ভয়ঙ্কর বিষয় হলো— এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের কাছ থেকেই। যারা একদিকে নারীর অধিকারের কথা বলে, আর অপরদিকে কোনও নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানে। রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা, তাজনুভা কিংবা মানসুরা —তারা কেউ এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন।
তিনি আরও লিখেছেন, কোনও দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা, আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া— এই দ্বিচারিতা রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণ করে না, নারীবিদ্বেষকেও স্বাভাবিক করে তোলে।
এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনও ‘নরমালাইজড রেসপন্স’ নয়। এটা জরুরি রাজনৈতিক লড়াই। দল-মত ও পরিচয় যাই থাকুক না কেন, এই লড়াই অব্যাহত রাখতে হবে।