জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

জাপানের টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশটিতে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ দূতাবাসে এ সভা হয়।

এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ জাপান শাখার নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা-সংকটের চিত্র তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের “জাপান-টু-বাংলাদেশ” সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এনসিপি নেতারা বলেন, ‘সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।’

এছাড়াও জাপানে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে এবং তা আরও সহজ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সভায় বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে নেওয়ার সম্ভাবনা এবং উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

একইসঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার বিষয়েও মতামত ব্যক্ত করেন তারা।