শাহবাগে বিক্ষোভ-অবস্থান স্থগিত

জুমার পর যেকোনও কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান নাহিদের

শুক্রবার জুম্মার নামাজের পর যেকোনও কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনও প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। 

তিনি উল্লেখ করেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনও হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনও নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন। 

এনসিপি আহ্বায়ক আরও লেখেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। 

তার পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।